এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ হাওরাঞ্চল বেষ্টিত হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৬ টি ইউনিয়ন এর নিম্নাঞ্চলের বিস্তীর্ন অঞ্চলে একটিমাত্র ফসল বোরোধান, পরবর্তী সময়ে অন্যকোন ফসল আবাদ করা সম্ভব নয় সে সকল জমিতে সহজেই ভাসমান সব্জির আবাদ করা যায়। এছাড়াও অনেক পরিত্যক্ত জলাশয় ও পুকুর দীর্ঘদিন যাবত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে তাতে ভাসমান সব্জির আবাদ করা সম্ভব।ভাসমান সব্জী চাষের মাধ্যমে একদিকে যেমন অব্যবহারকৃত জমি আবাদের আওতায় আনা সম্ভব অন্যদিকে সব্জীর আবাদও বৃদ্ধি পাবে।
এ লক্ষ্য পুরনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাসমান সব্জির আবাদ বৃদ্ধি ও কৃষকদের আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ এবং প্রণোদনা প্রদান ও প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে উপজেলার করাব ইউনিয়ন এর করাব গ্রামের শাহজাহান মিয়া তার বাড়ীর পাশের অব্যবহৃত পুকুরে ভাসমান সব্জির আবাদ করেছেন। তিনি পুকুরের কচুরিপানা স্থানে স্থানে স্তূপীকৃত করে ভাসমান বেড তৈরি করে এতে বিভিন্ন ধরনের সব্জীর আবাদ করেন। ফলন আশানুরূপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।মৌসুমী সব্জি চাষী শাহজাহান মিয়া বলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরামর্শে আমি প্রথম বারের মতো লাউ,কলমিশাক, লালশাক, ধনিয়া পাতা সহ বিভিন্ন মৌসুমি ফসল আবাদ করেছি। এ ধরনের পানির উপর আবাদ করা যায় তা আমার ধারণার বাইরে ছিল। তাই আমর এ ভাসমান বেড গুলোতে সব্জীর এ ফলন দেখে আমি অভিভূত।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন হাওর বেষ্টিত লাখাইয়ে ভাসমান সব্জির আবাদে সম্ভাবনাময় অঞ্চল লাখাই। এ সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে আসছে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা এবং উদ্বুদ্ধকরণ করে আসছি। আগামীতে আরো ভাসমান সব্জি চাষে কৃষকদের কে আওতায় এনে কৃষকদের কে স্বাবলম্বী করা চেষ্টা অব্যাহত থাকবে।