বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত একটি ডেন্টাল চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে 'রাফসান মেডিক্যাল ডেন্টাল কেয়ার' নামের অবৈধ চেম্বারটি সিলগালা করা হয় এবং রোগীর চিকিৎসা দেওয়ার দায়ে গোলাম রব্বানী রাব্বি নামে এক পল্লী চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৪ আগস্ট) রাত ১০টায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাঈমুর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ধর এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালডাঙা ইউনিয়নের শালডাঙা বাজারে পল্লী চিকিৎসক গোলাম রব্বানী রাব্বি ‘রওজা ফার্মেসি’ নামের একটি দোকানের মাধ্যমে ওষুধ বিক্রির পাশাপাশি নিয়মিতভাবে রোগীদের প্রেসক্রিপশন প্রদান করতেন। একইসাথে, তিনি ‘রাফসান মেডিক্যাল ডেন্টাল কেয়ার’ নামে একটি ডেন্টাল চেম্বার পরিচালনা করছিলেন, যদিও তার চিকিৎসা বা দন্ত চিকিৎসার কোনো স্বীকৃত ডিগ্রি নেই।
আত্মপক্ষ সমর্থনে অভিযুক্ত রাব্বি বলেন, “আমি চিকিৎসা শাস্ত্রে তিন মাসের এবং দন্ত চিকিৎসায় ছয় মাসের একটি কোর্স করেছি।”
তবে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানান, “এ ধরনের স্বল্পমেয়াদি ট্রেনিং চিকিৎসা সেবার জন্য বৈধ নয়। তার প্রেসক্রিপশন সম্পূর্ণভাবে অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ ধারা অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার অবৈধ চেম্বারটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থ রক্ষার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে। "