নয়ন রহমান, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে, তিনি উপজেলার জগবন্ধু ঠাকুরবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজন নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ-বোদা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাংমা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী নন্দন কুমার সাহা এবং দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, "পূজার সময়ে যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে, সে জন্য পুলিশ সক্রিয় রয়েছে। প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।"
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক নেতৃবৃন্দ একযোগে কাজ করে যাচ্ছেন যাতে দুর্গাপূজা নিরাপদ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।