বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তন, পানিদূষণ ও ক্রমবর্ধমান পানির চাহিদা মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
নিরাপদ পানি সরবরাহ, নদী ও জলাশয় সংরক্ষণ, বর্জ্যপানি পরিশোধন এবং পানি পুনর্ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ২৮তম পাওয়ার সিরিজ, ৩১তম বিল্ড সিরিজ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পানি সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ব্যবহার বাড়াতে হবে। শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধন এবং পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, এ আন্তর্জাতিক প্রদর্শনী দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, জ্বালানি, আবাসন ও পানি খাতের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CEMS-Global USA ও এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলাম।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রদর্শনী ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে ২০টিরও বেশি দেশের ২০০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।