বিএনপির নেতা ও ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীর গোসাইগঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে হাজারো জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি গোসাইগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা গোসাইগঞ্জ বাজার এলাকা, তৈরি হয় উত্তাল পরিস্থিতি।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন:
“জেলের তালা ভাঙবো, তুহিন ভাইকে আনবো”
“তুহিন ভাই জেলে কেন, প্রশাসন জবাব চাই”
তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একটি মিথ্যা মামলায় জনপ্রিয় এই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার তুহিন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ডোমার-ডিমলা ও আশপাশের এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“যেখানে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, সেখানে একজন জনপ্রিয় সাবেক সাংসদ আত্মসমর্পণ করেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এটি দেশের বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে।”

তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন,
“ডোমার-ডিমলার মাটি ও মানুষের প্রিয় নেতার প্রতি এই আচরণ অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।”