মোঃ মকবুলার রহমান 

স্টাফ রিপোর্টার:

দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে চলমান সহিংস বিক্ষোভের চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে রাজনৈতিক সমাধান খোঁজার স্বার্থে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভের সূত্রপাত

সোমবার থেকে নেপালে শুরু হওয়া বিক্ষোভের মূল কারণ ছিল ফেসবুক, ইউটিউবসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম হঠাৎ বন্ধ করে দেওয়া। স্বল্প সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি শিক্ষার্থীদের নেতৃত্বে এক ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা সমাবেশ করে পার্লামেন্ট ভবন ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ শক্ত হাতে দমন-পীড়ন চালায়। এতে অন্তত ১৯ জন নিহত এবং ৪০০ জনের বেশি গুরুতর আহত হন।

মন্ত্রীদের পদত্যাগ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ

রক্তক্ষয়ী পরিস্থিতির দায় স্বীকার করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী আগেই পদত্যাগ করেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাপ্রধান সরাসরি প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেন। এ সময় সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে বেশ কয়েকজন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা

সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে কারফিউ জারি করলেও তা অমান্য করে আন্দোলন অব্যাহত রাখে বিক্ষুব্ধ জনতা। এসময় রাজধানীসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অস্থিতিশীল রাজনীতির ধারাবাহিকতা

গত বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ৭৩ বছর বয়সী অলি। তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি ও নেপালি কংগ্রেস মিলে জোট সরকার গঠন করলেও রাজনৈতিক অস্থিরতা কমেনি। বরং দুর্নীতি, অর্থনৈতিক স্থবিরতা ও শাসন ব্যবস্থার দুর্বলতা সাধারণ মানুষের হতাশা বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই দীর্ঘমেয়াদি অসন্তোষই সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকে জোয়ারে পরিণত করেছে।