মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের জানালা ভেঙে প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ি হাট এলাকায় মৃত শামসুল ওরফে কসিরতের ছেলে সাগর আহমেদের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরের দল গভীর রাতে বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও সংরক্ষিত জায়গায় রক্ষিত মূল্যবান সব জিনিসপত্র নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল—ব্যবসার যন্ত্রাংশ, গাড়ির পার্টস, ট্রাক্টরের হালের সরঞ্জাম, গ্যাস চুলা, রাইস কুকার, প্রেসার কুকার, পানির পাম্প, টিউবওয়েল, থালা-বাসন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী সাগরের স্ত্রী মুন্নি আক্তার বলেন,
> “আমি পারিবারিক কারণে ঢাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই সুযোগে চোরেরা ঘরের জানালা ভেঙে সবকিছু নিয়ে গেছে। এমন ক্ষতির কথা ভাবতেই কষ্ট লাগছে।আমি নিরুপায় হয়ে গেছি ,কি করব ভেবে পাচ্ছি না। আমি পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেব।”
এলাকাবাসী জানান, সম্প্রতি বালিয়াডাঙ্গীর বিভিন্ন স্থানে চুরির ঘটনা বেড়ে গেছে। চোরেরা নানাভাবে ফাঁকি দিয়ে এসব অপরাধ সংঘটিত করছে। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।