মোঃ আব্দুর রাজ্জাক সরকার,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নজরুল ইসলাম (৫৮)। তিনি মৃত আঃ গফুর খন্দকার ও মৃত জোহরা বেগমের ছেলে। তার বাড়ি ভুরুঙ্গামারী থানার ৩নং ওয়ার্ডের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং ০৩নং তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।