এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় জাহির মিয়া (৪৩) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার জাহির মিয়া উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সহসভাপতি এবং বর্তমান ইউপি সদস্য। তিনি করাব গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের করাব গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় নিজ বাড়ি থেকে জাহির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সংঘটিত নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার নম্বর ৮ (৩), তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫। মামলাটির তদন্তকালে প্রাপ্ত আসামি হিসেবে জাহির মিয়ার নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলার তদন্তে জাহির মিয়ার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে শুক্রবার (১৩ নভেম্বর) গ্রেপ্তার জাহির মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।