কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর কালচারাল ভিলেজ প্রাঙ্গণে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে ও সদস্য সচিব মন্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নূরুল মোমেন আকন্দ কাওছার বলেন, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী আওয়ামী কর্তৃক যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় কয়েকদিন আগে জামালপুরের ফ্লাইওভারে টাইম বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি গোপালগঞ্জকে এই নিষিদ্ধ আওয়ামী লীগ মনে হয় স্বাধীন করে ফেলেছে। আমরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে বলতে চাই, জামালপুর শহরের যেকোনো জায়গায় এই ধরনের কোনো তৎপরতা দেখতে পেলে আমরা তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করব এবং দাঁত ভাঙ্গা জবাব দিব।
বিক্ষোভ মিছিলে বিএনপি’র সম্পাদক মন্ডলীর নেতৃবৃন্দসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।