এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মোশাররফ হোসেন (নাম) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল বুল্লা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৭ পিস ইয়াবাসহ সিংহগ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মোশাররফ হোসেনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান। আদালতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার অভিযোগের প্রেক্ষিতে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী সাজা পরোয়ানার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও বেচাকেনা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।