কাওছার আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুরের মেলান্দহে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করার অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর আদায়, তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধে বাধ্য করা এবং অভিযান সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি।
অভিযুক্ত কর্মকর্তা হলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম। গত বুধবার জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় অবস্থিত গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানায় এ অভিযান পরিচালিত হয় বলে প্রতিষ্ঠানটির অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, আদায় করা জরিমানার অর্থ ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ দাবি করে রোববার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম গ্রিন বায়োটেকনোলজির কারখানা পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং কারখানার উৎপাদন কার্যক্রম, সংরক্ষণাগারসহ বিভিন্ন অংশ পরিদর্শনে সহযোগিতা করেন। পরিদর্শনের একপর্যায়ে কারখানায় সংরক্ষিত কয়েক ধরনের কাঁচামাল তাঁর নজরে আসে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, এসব কাঁচামাল তাদের নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে পুনঃপরীক্ষার লেবেল লাগানো ছিল এবং নির্ধারিত মেয়াদও তখনো শেষ হয়নি।
তবে প্রতিষ্ঠানটির অভিযোগ, কাঁচামালগুলোর প্রকৃত মান যাচাইয়ে কোনো নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে পরীক্ষা কিংবা কারিগরি বিশ্লেষণ ছাড়াই সেগুলোকে ভেজাল ঘোষণা করেন ওই কর্মকর্তা। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কারখানায় সংরক্ষিত বিভিন্ন পণ্যের উৎপাদনে ব্যবহারের জন্য রাখা প্রায় এক কোটি টাকা মূল্যের কাঁচামাল ধ্বংস করা হয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ফাঁকা ফরমে স্বাক্ষর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মোঃ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, অভিযানের সময় তাঁরা কাঁচামালগুলোর বিষয়ে আপত্তি জানিয়ে সরকারি কিংবা অন্য কোনো স্বীকৃত পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁদের সেই সুযোগ দেওয়া হয়নি। বরং তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে বাধ্য করা হয়।
নজরুল ইসলামের ভাষ্য, জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশ তাঁদের হাতে দেওয়া হয়নি। পাশাপাশি কারখানায় থাকা প্রায় এক কোটি টাকা মূল্যের কাঁচামাল ধ্বংস করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেওয়ার প্রক্রিয়াও চলছে।
তিনি আরও অভিযোগ করেন, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। স্বাক্ষর না করলে কারখানা সিলগালা, গ্রেপ্তার এবং এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ভীত হয়ে তিনি ফরমটিতে স্বাক্ষর করতে বাধ্য হন বলে দাবি করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল বলে তাঁর অভিযোগ।
পণ্যের মান ও লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠানের দাবি
গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের উৎপাদিত প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বৈধ লাইসেন্স রয়েছে। পাশাপাশি পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুসরণ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটির আরও দাবি, অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং নিরাপদ হিসেবে পরীক্ষিত।
প্রতিষ্ঠানটির মতে, কাঁচামালের মান নিয়ে কোনো আপত্তি থাকলে যথাযথ নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা যেত। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে কাঁচামাল ধ্বংস করায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
অন্যান্য ব্যবসায়ীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোঃ শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পণ্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, জরিমানা, পণ্য ধ্বংস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে একই ধরনের আচরণ করা হয়েছে। পণ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার পণ্যের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ওই ব্যবসায়ীর ভাষ্য, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তবে তাঁর অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বায়োজিন কসমেসিউটিক্যালসকে জড়িয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, অভিযানের সময় সহকারী পরিচালক নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান। এ সময় গ্রিন বায়োটেকনোলজির অভিযানসংক্রান্ত ঘটনার সঙ্গে পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ জড়িয়ে বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ একটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে অন্য প্রতিষ্ঠানের প্রসঙ্গ তুলে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তাঁদের দাবি।
তিনি আরও বলেন, পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই কাঁচামালকে ভেজাল ঘোষণা এবং গণমাধ্যমে পৃথক প্রতিষ্ঠানের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে যা বললেন অভিযুক্ত কর্মকর্তা
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, তিনি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছেন। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের কোনো সুযোগ নেই। এ কারণে সেগুলোর পরীক্ষাগারে পরীক্ষা করা হয়নি। তিনি কোনো জব্দ তালিকাও করেননি, তবে কাঁচামালগুলো ধ্বংস করেছেন।
ফাঁকা ফরমে স্বাক্ষর আদায়, গ্রেপ্তারের হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
কেবল চোখের দেখায় কীভাবে কাঁচামালের সমস্যা নির্ধারণ করেছেন—এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন, কিছু বিষয় আছে, যা চোখের দেখেই বোঝা যায় যে তাতে সমস্যা রয়েছে। আবার কিছু বিষয় পরীক্ষার প্রয়োজন হয়। কোনো প্রতিষ্ঠান যদি দাবি করে কাঁচামালের মেয়াদ রয়েছে, অথচ তাঁর পর্যবেক্ষণে মেয়াদ শেষ হয়ে গেছে বলে মনে হয়, তাহলে এ ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য পরীক্ষা করার প্রয়োজন হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
নিরপেক্ষ তদন্তের দাবি
একদিকে কারখানার কাঁচামাল ধ্বংস, জরিমানা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা মেয়াদোত্তীর্ণ কাঁচামাল পাওয়ার কথা বললেও পরীক্ষাগারে পরীক্ষা না করার বিষয়টি স্বীকার করেছেন। ফলে কাঁচামালের প্রকৃত অবস্থা, জরিমানা আরোপের আইনগত ভিত্তি, ধ্বংসের প্রক্রিয়া এবং অভিযানের সময় অনুসৃত পদ্ধতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা যাচাই, প্রয়োজনীয় নথিপত্র ও কাঁচামালের মানসংক্রান্ত তথ্য পর্যালোচনা এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ীরা।