কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান, জাহিদুল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময়ে তিনি কিশোরীকে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে গর্ভপাতের পর মৃত ছেলেসন্তানের জন্ম হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল সরিষাবাড়ী থানায় মামলা করেন কিশোরীর বাবা। মামলায় জাহিদুল ইসলাম ও তার বোনকে আসামি করা হয়।

আইনজীবী আব্দুল হাই বলেন, গ্রেপ্তারের পর জাহিদুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় বাদীসহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।