কাওছার আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে ভারতীয় মাদক, গরু ও প্রসাধনী পণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, মাদক ও চোরাই পণ্য জব্দ এবং আটকের পরও নিয়ন্ত্রণে আসছে না সীমান্তকেন্দ্রিক চোরাচালান। রাতের আঁধারকে কাজে লাগিয়ে সক্রিয় রয়েছে একাধিক চোরাকারবারি চক্র। সীমান্ত দিয়ে আসা এসব অবৈধ পণ্য দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
বিশেষ করে মাদকের বিস্তার ভয়াবহ সামাজিক সমস্যার রূপ নিচ্ছে। ঝুঁকির মুখে পড়ছে তরুণ ও যুবসমাজ। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার এবং চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ভারতের সীমান্তসংলগ্ন। জেলার উত্তরে রাজিবপুর ও রৌমারী এবং পূর্ব দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকাও চোরাচালানের ঝুঁকিতে রয়েছে। এসব সীমান্তবর্তী এলাকায় ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ রয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নানা কারণে জামালপুর জেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে রয়েছে ধানুয়া কামালপুর স্থলবন্দর, পর্যটনকেন্দ্র লাউচাপড়া এবং ঐতিহাসিক সাধু আন্দ্রে ধর্মপল্লী। অর্থনৈতিক, বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনার কারণে উপজেলাটির গুরুত্ব অনেক। কিন্তু সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের বিস্তার সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। মাদকের পাশাপাশি ভারতীয় গরু ও বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগও ক্রমেই সামনে আসছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলার ভারতসংলগ্ন সীমান্ত এলাকাগুলোতে চোরাকারবারিদের তৎপরতা বেড়ে যায়। বিশেষ করে রাত গভীর হলে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক, গরু ও ভারতীয় প্রসাধনী পণ্য দেশে প্রবেশ করানো হয়। পরে এসব পণ্য বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয়।
স্থানীয় সূত্রের তথ্যমতে, বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া, দিঘলকোনা, টিলাপাড়া, সোমনাথপাড়া, লাউচাপড়া এবং শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকায় চোরাচালানের তৎপরতা বেশি বলে অভিযোগ রয়েছে। এসব এলাকার কয়েকটি পয়েন্টকে ব্যবহার করে মাদকের চালান দেশে প্রবেশ করানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের। একই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার প্রবণতাও রয়েছে। অবৈধভাবে এসব গরু দেশে প্রবেশ করায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ভারতীয় প্রসাধনী পণ্যও বিভিন্ন রুটে দেশের বাজারে ছড়িয়ে পড়ছে।
স্থানীয়দের দাবি, মাদক, গরু ও প্রসাধনী পণ্য পাচারকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একাধিক চক্র। তাদের ভাষ্য অনুযায়ী, এসব সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুল অঙ্কের অবৈধ পণ্য লেনদেন হচ্ছে। তবে চোরাচালানের আর্থিক পরিমাণ ও সংশ্লিষ্ট চক্রগুলোর প্রকৃত বিস্তার সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চললেও সাম্প্রতিক কয়েকটি ঘটনা সীমান্ত পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৬ লাখ টাকা।
এর কয়েক দিন আগে একই এলাকা থেকে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ছাড়া ভারতীয় গরু পাচারের সময় আটটি গরু জব্দ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বিভিন্ন সময়ে বিজিবির অভিযানেও ভারতীয় প্রসাধনী ও অন্যান্য চোরাই পণ্য জব্দের ঘটনা ঘটেছে।
একের পর এক মাদক ও চোরাই পণ্য জব্দের ঘটনায় সীমান্তে চোরাচালানের ব্যাপকতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, বিচ্ছিন্ন অভিযান চালিয়ে চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর পেছনে জড়িত মূল হোতা, অর্থের জোগানদাতা এবং পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার এক বাসিন্দা বলেন, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা বেশি থাকে। সুযোগ বুঝে তারা মাদক, গরু ও কসমেটিকস দেশে নিয়ে আসে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে পণ্য জব্দ করা হলেও চোরাচালান বন্ধ হচ্ছে না। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে গত ২৩ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সীমান্তে মাদক ও চোরাচালান বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সভায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার এবং অবৈধ পণ্য পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
সভায় সভাপতিত্বকারী বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টদের মতে, সীমান্তে চোরাচালান বন্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে মাদক সরবরাহের উৎস, পাচার চক্রের মূল হোতা এবং তাদের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত করা জরুরি।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্ত এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশও নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকের ভয়াবহতা রোধে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, জামালপুর ৩৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদক, গরু ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তবে স্থানীয়দের প্রশ্ন, নিয়মিত অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ এবং চোরাকারবারিদের আটকের পরও যদি সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের প্রবেশ বন্ধ না হয়, তাহলে চোরাচালানের মূল নেটওয়ার্ক ভাঙতে কার্যকর পদক্ষেপ কোথায়? তাদের প্রত্যাশা, শুধু চালান জব্দ বা বাহক আটকের মধ্যে অভিযান সীমাবদ্ধ না রেখে চোরাচালানের নেপথ্যে থাকা মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তাহলেই সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের ভয়াল বিস্তার রোধ করা সম্ভব হবে।