কাওছার আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আনন্দ নার্সারির দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রাজ্জাক জামালপুরের মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মহির মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক নিজ মোটরসাইকেলযোগে মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকা থেকে বাজিতের পাড়া বাজার হয়ে মাদারগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারগঞ্জ উপজেলার আনন্দ নার্সারির দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন দ্রুত হাসপাতালে ছুটে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করার পর স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
একটি সড়ক দুর্ঘটনায় পরিবারের একজন সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোক ও কান্নার মাতম সৃষ্টি হয়েছে। আকস্মিক এ মৃত্যুতে এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।