কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুর শহরের কয়েকটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শহরের চন্দ্রা এলাকার বাইপাস প্রধান সড়ক, পৌর এলাকার জঙ্গলপাড়া এবং কলেজ সংলগ্ন সড়কে পৃথকভাবে এই মিছিল বের করা হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে হঠাৎ করেই একদল নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল ও সংগঠনের ব্যানার নিয়ে সড়কে নেমে আসেন। মিছিলকারীরা সড়ক প্রদক্ষিণ করার সময় সরকারবিরোধী এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আকস্মিক এই মিছিলের খবরে আশপাশের এলাকায় মুহূর্তেই উত্তেজনা ও কৌতূহল ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে যান।

​এদিকে মশাল মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

​ঘটনার পরপরই শহরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জামালপুর সদর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল বাড়ানো হয়েছে।

মিছিলকারীদের পরিচয় শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​পুলিশ আরও জানায়, বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।