কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামলপুর।।

জামালপুরের বকশীগঞ্জে দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড়ে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

অভিযোগ উঠেছে, ইউনিয়নের ব্রাইট স্কুলের অষ্টম ও নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থীদের অভিভাবক আসাদুজ্জামান, আকরাম হোসেন, শাহিদা আক্তার, রাশেদা খাতুন, রাজু আহম্মেদসহ স্থানীয় অনেকে।

বক্তারা বলেন, একজন শিক্ষক হয়ে দুই শিক্ষার্থীকে এভাবে মারধর করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা অবিলম্বে বিদ্যালয় বন্ধসহ ঘটনার বিচার দাবি করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

অভিযুক্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কাওছার আহমেদ,
জামালপুর।
২৮.১১.২৬