আলীকদম, বান্দরবান প্রতিনিধি।।

দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন বান্দরবানের আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মদ। দীর্ঘ কর্মজীবনের মধ্যে ১৬ বছর তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান ও স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর চৈক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. জয়নাল আবেদিন। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলীকদম উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবীও যোগ দেন।

বিদায়ী শিক্ষক নূর মোহাম্মদ স্যারের কর্মজীবন, আদর্শ, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার স্মৃতিচারণ করেন উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা শিক্ষক সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

পারিবারিক জীবনেও নূর মোহাম্মদ স্যার একজন গর্বিত বাবা। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। সন্তানদের প্রত্যেকেই নিজ নিজ শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অবস্থানে প্রতিষ্ঠিত।

তাঁর বড় ছেলে জাবেদ নূর খাইর নিশাদ বিবিএ ও এমবিএ ডিগ্রিধারী এবং একজন ব্যবসায়ী। মেজ ছেলে খাইরুল ইসলাম নেপচুন বিএ ডিগ্রিধারী। তিনি সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) হিসেবে মেনপা পাড়া কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলীকদমে কর্মরত রয়েছেন।

তাঁর একমাত্র মেয়ে ডা. নূর-ই-জান্নাত নিস্পা এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি) ও এমসিপিএইচ ডিগ্রিধারী। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, মিরপুর, ঢাকায় কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। মেয়ের জামাতাও একজন চিকিৎসক।

অনুষ্ঠানে সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে নূর মোহাম্মদ স্যারকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ ছাড়া আলীকদমের বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

দীর্ঘদিনের সহকর্মী, প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী এই আয়োজনের মধ্য দিয়ে নূর মোহাম্মদ স্যারের দীর্ঘ শিক্ষকতা জীবনের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন আরিফুর রহমান।