বিমল কুমার রায়,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম (সুফি)-কে ৪৪ হাজার ২৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ফরহাদ হোসেন আজাদ মোট ১ লাখ ৭০ হাজার ৭২৭ ভোট লাভ করেন। অপরদিকে জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম (সুফি) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৯১ ভোট।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর ধানের শীষ সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে নেতাকর্মীদের। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেন আজাদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় পঞ্চগড়-২ আসনের সর্বস্তরের মানুষের। আমি সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”
অন্যদিকে পরাজিত প্রার্থী সফিউল আলম (সুফি) ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি জনগণের পাশে থেকে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বোদা-দেবীগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ হাড্ডাহাড্ডি। তবে শেষ পর্যন্ত ভোটের ব্যবধানই নির্ধারণ করে দেয় চূড়ান্ত ফলাফল।
এখন সকলের দৃষ্টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের দিকে।