• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার পঞ্চগড়ে জ্বালানি তেল সরবরাহে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত দেবীগঞ্জে রাতের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, প্রাথমিকভাবে আক্রান্ত প্রায় ১৯ হেক্টর জমি

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ

বিমল কুমার রায় / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক ব্যক্তির ভোগদখলে থাকা জমি থেকে প্রায় ৪০ মণ আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে জমির পাকা ধান কেটে নিয়ে এক অভিযুক্তের বাড়িতে রাখা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী অনিল চন্দ্র রায়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মল্লিকাদহ বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অনিল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমিটি ভোগদখল করে আসছেন। জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশীদের কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান, গ্রাম আদালত ও দেবীগঞ্জ থানায় একাধিকবার সালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে তাঁর পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল বলে দাবি করেন অনিল চন্দ্র রায়।

এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনিল চন্দ্র রায়ের পরিবারের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতে গত ১৮ জুলাই দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

অনিল চন্দ্র রায়ের অভিযোগ, রোববার সকালে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা একটি মামলায় হাজিরা দিতে পঞ্চগড় আদালতে যান। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে পাকা আমন ধান কেটে নিয়ে যান। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি ভিডিও ধারণ করে তাঁকে পাঠিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, জমি থেকে প্রায় ৪০ মণ ধান কেটে নেওয়া হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। কেটে নেওয়া ধান অভিযুক্তদের একজনের বাড়িতে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত মো. জসিম (৩০) বলেন, “আমি আমার জমির ধান কেটেছি। কাগজ যার, জমি তার।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বিট কর্মকর্তা বলেন, “নালিশি জমিতে অনিল চন্দ্র রায় ধান রোপণ করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগ রয়েছে, যা এখনো বিচারাধীন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল, অনিল চন্দ্র রায় যেহেতু ধান রোপণ করেছেন, তিনিই ধান কাটবেন।”

ভুক্তভোগী অনিল চন্দ্র রায় বলেন, “জমিটি দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। জমি নিয়ে আগেও বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মামলা চলমান রয়েছে। এখন পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জমির ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিরোধীয় জমিটি দেবীগঞ্জ উপজেলার রসুলপুর মৌজার ৯৮ নম্বর জে.এল., ৩৯৭ নম্বর খতিয়ানের ৪৪৭ নম্বর দাগে অবস্থিত। জমির পরিমাণ ৪৫ শতক।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “আমি অভিযোগ পেয়েছি। তবে তাঁদের জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে। তারপরও বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd