ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে পাঠানো হয়েছে ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিনকে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমানের খালাতো ভাই তুহিন মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনাকে ঘিরে ডোমার-ডিমলাসহ নীলফামারীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় তুহিনকে কারাবন্দি করা হয়েছে।
বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, ‘‘যেখানে প্রকৃত অপরাধীদের গ্রেফতারই করা হচ্ছে না, সেখানে একজন জনপ্রিয় সাবেক সাংসদ আত্মসমর্পণ করেও ন্যায়বিচার পাচ্ছেন না। এটি বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’’
তারা অবিলম্বে তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং বলেন, ‘‘ডোমার-ডিমলার মাটি ও মানুষের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিনের প্রতি এই আচরণ অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।’’