মোঃ মকবুলার রহমান, নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সেখানে সাহাপাড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে এই বৃহৎ কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়।
সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা দূর করা, সেচব্যবস্থা উন্নত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেক এলাকায় খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দেখা দেয়। খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এসব সমস্যার অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় অনুষ্ঠানের স্থানে যান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সাহাপাড়া খালের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সরকারের এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের কৃষিনির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং গ্রামীণ এলাকার পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।