বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। নিহত কলেজছাত্রী ধরিত্রী রানী (১৮) সাকোয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিনি উপজেলার সাকোয়া ইউনিয়নের নীলাডাঙ্গা এলাকার ক্ষিতিষ রায়ের একমাত্র মেয়ে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৩ ফেব্রুয়ারি ধরিত্রী রানী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
৬ ফেব্রুয়ারি সকালে নিখোঁজের বাড়ির পাশের পুকুরে প্রতিবেশী এক গৃহবধূ পানিতে ভাসমান চুল দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয় এবং বোদা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি ধরিত্রীর বলে শনাক্ত করেন।
এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”