মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে টিউবওয়েলের পানির গর্তে পড়ে নাঈম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশু নাঈম ওই গ্রামের অটোভ্যানচালক বাসেদ আলীর ছেলে।
নিহত শিশুর বড় বোন আদুরি আক্তার জানান, বিকেলে তিনি ছোট ভাইকে নিয়ে বাড়িতে ছিলেন। কোনো এক সময় অজান্তেই শিশুটি বাড়ির পাশের টিউবওয়েলের দিকে চলে যায়। পরে তার মা বাড়িতে এসে নাঈমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টিউবওয়েলের পাশের পানিভরা গর্তে শিশুটিকে ভাসতে দেখা যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারে চলছে মাতম।