মোঃ নাসির উদ্দিন
রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে এক নতুন ‘সন্ত্রাস’ হিসেবে দেখা দিচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় তিন ফসলি কৃষিজমিতে পুকুর খননের আগ্রাসন। জমির প্রকৃত মালিকদের মতামত উপেক্ষা করে এবং প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে চলছে উর্বর কৃষিজমি ধ্বংসের নীরব মহাযজ্ঞ। ফলে জেলায় বাড়ছে জলাবদ্ধতা, কমছে খাদ্যশস্য উৎপাদন, হুমকির মুখে পড়েছে কৃষকের জীবন-জীবিকা।
বিশেষ করে রাজশাহীর মোহনপুর উপজেলার তেঘরমাড়িয়া গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক শুরু হয়েছে বিশাল এলাকাজুড়ে পুকুর খননের কার্যক্রম। স্থানীয়রা জানান, মৌজার জে.এল. নং ১৪২, খতিয়ান নং ৯৬ ও ৯৮, দাগ নং ১৪০৮, ১৪২০, ১৪১৯ ও ১৪২১—এইসব ধানী জমিতে প্রায় ৪০-৫০ বিঘা জমি জুড়ে শুরু হয়েছে অবৈধভাবে খনন কাজ।
তেঘরমাড়িয়ার কৃষক আব্দুর রাজ্জাক, আবুল কাশেম, শহিদুল ইসলাম, রফিকুল ইসলামসহ ৩৫-৪০ জন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, তাদের কৃষিজমি জবরদখল করে পুকুর খনন করছেন একই গ্রামের খোরশেদ আলম, মামনুর রশিদ এবং আমির উদ্দিন। এই খননের ফলে অন্তত ১৫০ বিঘা জমি বর্ষার পানিতে তলিয়ে যাবে এবং নিকটবর্তী আরও ২০০ বিঘা জমিতে সৃষ্টি হবে জলাবদ্ধতা, যা পানের বরজসহ নানা আবাদে ধ্বংস ডেকে আনবে।
স্থানীয়রা আরও দাবি করেন, খননের প্রধান উদ্যোক্তা খোরশেদ আলমের নিজ নামে ঐ মাঠে কোনো জমি নেই। রাজশাহীর এক মৃত ব্যক্তি সাহেব আলীর নামে থাকা জমিতে খোরশেদ দীর্ঘদিন ধরে চাষাবাদ করতেন। বর্তমানে সেই জমি নিজের দাবি করে তিনি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মোহনপুর উপজেলা কোষাধ্যক্ষ আবু বক্করের ভাগ্নে। এক সময় তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন, আর এখন বিএনপির নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অনৈতিক কাজ চালাচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোরশেদ আলম সাংবাদিকদের জানান, “যারা অভিযোগ করেছে তারা মিথ্যা বলছে। ঐখানে দুই বিঘার বেশি জমিতে আবাদ হয় না। সব সময় পানি জমে থাকে। আমি কাউকে জোর করে জমি দখল করিনি। কথা বলেই পুকুর খনন শুরু করেছি। তবে এখন বন্ধ আছে।”
অন্যদিকে, মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, “আমরা বিষয়টি শুনেছি এবং এ নিয়ে থানায় একটি অভিযোগও হয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, ঐ জায়গায় আর কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। কেউ জোর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ তথ্যে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। ২০০৭-০৮ অর্থবছরে রাজশাহীতে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ১ লাখ ৯১ হাজার ৭৮০ হেক্টর। ২০২৫ সালে এসে তা নেমে এসেছে ১ লাখ ৫১ হাজার হেক্টরে। গত ১৭ বছরে কমে গেছে প্রায় ৪০ হাজার হেক্টর জমি। কৃষিজমি এই হারে হারিয়ে যেতে থাকলে রাজশাহী খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা থেকে খাদ্যঘাটতির ঝুঁকিতে পড়বে—এমন আশঙ্কা করছেন কৃষি গবেষকরা।
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় কৃষিজমি ধ্বংসের এই প্রক্রিয়া বন্ধে স্থানীয় প্রশাসন ও সরকারের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।