মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যেকোনো মূল্যে মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলবে। ইনশাআল্লাহ, তা আদায় করেই ছাড়ব।”
শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশে নির্বাচন নিয়ে যে ইঞ্জিনিয়ারিং চলছে তা স্পষ্ট। নির্বাচন সামনে রেখে নানা ষড়যন্ত্র চলছে। কেউ যদি আবার ফ্যাসিবাদের স্বপ্ন দেখে থাকে, তবে আমরা আল্লাহর সাহায্যে তা দুঃস্বপ্নে পরিণত করব।”
তিনি আরও বলেন, “দেশটা পাটগ্রাম বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে সুষ্ঠু নির্বাচনের চিন্তাও করা যায় না। কিন্তু গণমানুষের অধিকার আদায়ে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি
জামায়াত আমির বলেন, “কোনো মাস্তানতন্ত্র, কালো টাকার প্রভাব বা প্রশাসনিক ক্যু চলবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সর্বদা সজাগ। সুষ্ঠু ভোটে যারা জয়ী হবে, আমরা তাদের স্বাগত জানাতে প্রস্তুত আছি।”
তিনি স্মরণ করিয়ে দেন, “হাসিনার হাতে সব বাহিনী থাকলেও জনবিস্ফোরণের কারণে ক্ষমতা ধরে রাখতে পারেনি। তারা পালিয়েছে। ফ্যাসিবাদের শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
সংখ্যালঘু প্রসঙ্গে স্পষ্ট বার্তা
দেশের সংখ্যালঘুদের বিষয়ে জামায়াত আমির বলেন, “যারা মুখে সংখ্যালঘুদের নিয়ে মায়াকান্না করে, তারাই তাদের সম্পদ লুট করেছে। আমাদের কাছে সবাই সমান। এ মাটিতে যারাই জন্ম নিয়েছে, তারাই এদেশের সম্মানিত নাগরিক। আমরা জনগণের সেবক হতে চাই, মালিক না।”
শরিয়া ও ন্যায়বিচারের বার্তা
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বাংলাদেশে মদিনার ছায়া দেখতে চাই। শরিয়ার কথা শুনে যারা অস্বস্তি বোধ করে, তারা দুর্নীতির সুযোগ হারাবে বলে ভয় পায়। কিন্তু সমাজে যদি অন্যায়, দুর্নীতি ও নারী নির্যাতনের শাস্তি না হয়, তাহলে অন্যায়ের সংস্কৃতি গড়ে উঠবে। তাই আমরা ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের সমাজ গড়তে চাই।”
মব কালচার ও বিচারপ্রক্রিয়ার বিষয়ে বক্তব্য
মব কালচারের প্রসঙ্গে তিনি বলেন, “এই সংস্কৃতি নতুন নয়। ১৯৭২ সাল থেকেই চলছে। নারীর ওপর পাশবিক নির্যাতনের ইতিহাস আজও রক্তক্ষরণ করে। তারপরও আমরা বলি, কারও হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই। বিচার করবে রাষ্ট্র ও আদালত।”
তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের অনেকেই আজও সঠিক চিকিৎসা পায়নি। যারা এ ঘটনার পেছনে ছিল, তাদের বিচার হওয়া উচিত। বিচার না হলে বাংলাদেশ একসময় আইনের শাসনহীন জঙ্গলে পরিণত হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বার্তা
ডা. শফিক বলেন, “যারা এখন দায়িত্বে আছেন, তারা যেন কোনো পক্ষপাত না করেন। জনগণের বিপক্ষে গেলে যে পরিণতি হয়, তা ২০২৪ সালে মানুষ দেখেছে। ন্যায়ের পক্ষে থাকলে আমরা তাদের পাশে থাকব।”
বক্তারা ও উপস্থিতি
দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত জামায়াতের এই জনসভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদ্য কারামুক্ত সদস্য এটিএম আজহারুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আরও বক্তব্য দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তর অঞ্চলের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান এবং শহীদ আবু সাঈদের বাবা ও ভাই রমজান আলী।
সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।