তুষার চন্দ্র রায়
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
বর্তমান সমাজে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সমাজ এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে চাঁদাবাজের মুখ শুধু পাল্টেছে, কিন্তু তাদের পেছনের সিস্টেম অপরিবর্তিত রয়ে গেছে। আমরা বলছি, মানুষ পাল্টালে হবে না—সিস্টেম পাল্টাতে হবে। সেই সিস্টেম পরিবর্তনের আন্দোলনই এনসিপির মূল লক্ষ্য।”
শুক্রবার (৪ জুলাই) রাত ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় এ মন্তব্য করেন তিনি।
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “এক সময় স্বৈরাচার শেখ হাসিনা বলতেন, ৭ মিনিটে রাস্তা পরিষ্কার করে দেবেন। আজকে আমরা শুনছি, আরেক রাজনৈতিক দল হুমকি দিচ্ছে—৩০ মিনিটে রাস্তা খালি করবে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—এই নাহিদরা, হাসনাতরা কিংবা সারজিসরা সেই ৭ মিনিটের ভয়কে জয় করে সীমান্তের ওপ্রান্তে তাড়িয়ে দিয়েছে। এবার পালানোর সুযোগও পাবে না কেউ।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ হতে প্রস্তুত হয়েই রাজপথে এসেছি। আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না।”
এ সময় আরও বক্তব্য রাখেন দলটির সহ-সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, এনসিপি শুধু সরকারের পরিবর্তন নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার চায়। তারা জনগণকে আহ্বান জানান আগামী দিনগুলোতে পরিবর্তনের জন্য রাজপথে আরও সক্রিয়ভাবে অংশ নিতে।