• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডিমলায় মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: যুবক দগ্ধ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

বার্তা বিভাগ / ৪৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজার সংলগ্ন টিএন্ডটি রোডে অবস্থিত ‘মেসার্স বক্কর অ্যান্ড সন্স’ নামের একটি মিনি পেট্রোল পাম্পে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা ৩৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একজন যুবক গুরুতর দগ্ধ হন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পের মালিক মো. আবু বক্কর সিদ্দিক (৫২) বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ড্রাম থেকে মাস্টার ড্রামে তেল উত্তোলনের সময় মোটরটি হঠাৎ বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো পাম্প এলাকা দাউদাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ডোমার ও নীলফামারী থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

এ সময় ডিমলা থানা পুলিশ, আনসার সদস্য ও রোভার স্কাউটরা উদ্ধারকাজ ও নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করেন। ঘটনাস্থলে ভিড় জমে যায় উৎসুক জনতার।

অগ্নিকাণ্ডে ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের শ্রাবণ রায় (১৮) নামে এক যুবক গুরুতর দগ্ধ হন। তাকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, আগুনে পুড়ে গেছে ৮টি চার্জার অটো, ৬টি মোটরসাইকেল, ১০০টি ১২ ভোল্টের ব্যাটারি, ১,০০০ লিটার সয়াবিন তেল, ৫০ বস্তা আটা, ৫০ বস্তা চিনি, ১০০ বস্তা সাবান, ৩০ বস্তা ডিটারজেন্ট, ২,০০০ লিটার ডিজেল এবং ২,০০০ লিটার পেট্রোল।

ডিমলা থানার চার্জ অফিসার আবুল কালাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

বাজারের এক ব্যবসায়ী মো. রমজান আলী বলেন, “হঠাৎ একটি বিকট শব্দ শুনি। এরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে চারপাশ পুড়ে যায়।”

আরেক দোকানদার মো. জামাল বলেন, “আগুন এত ভয়াবহ ছিল যে আশপাশের দোকানগুলো হুমকির মুখে পড়ে যায়। ফায়ার সার্ভিস সময়মতো না এলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।”

ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd