মোঃ আব্দুল রাজ্জাক সরকার,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী এবং তিলাই ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম মনছুর আলী সরকার (৫৭)-কে। তার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ যোহর মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণ করেন মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার উপস্থিতি প্রমাণ করে তিনি জীবদ্দশায় মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন ২৬ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে তিলাই উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণকারীদের চোখের জল আর দোয়া প্রমাণ করে—তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, ছিলেন মানুষের আপনজন, সবার প্রিয় মুখ।
মরহুম মনছুর আলী সরকারের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার জন্য দোয়া প্রার্থনা করছেন যেন মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।