মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। খেলতে খেলতে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেদিন সকালেই তিনটি শিশু ছেঁড়া মশারী নিয়ে নদীতে মাছ ধরতে নামে। নিরীহ খেলার মধ্যেই হঠাৎ পা পিছলে গভীর পানিতে ডুবে যায় হুমায়রা (৬) ও তৌফিক (৬)। সিয়াম নামের আরেক শিশুটি প্রাণপণ চিৎকার করতে থাকে। তার আর্তনাদ শুনে আশপাশের মানুষ ছুটে আসে। পরে নদীর তলদেশ থেকে দুই শিশুকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা ও প্রতিবেশী তাহেরুল ইসলামের ছেলে তৌফিক। নিষ্পাপ দুই শিশুর এ অকাল মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান জানান, “শিশু তিনটি পরিবারের অজান্তেই নদীতে গিয়েছিল। দুর্ভাগ্যজনক এ দুর্ঘটনায় দুটি কোমল প্রাণ হারিয়ে গেল, যা আমাদের সকলকেই শোকাহত করেছে।”