মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগাছা উপজেলায় অজানা এক বিরল রোগ ছড়িয়ে পড়েছে। গবাদি পশুর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত এই রোগে ইতোমধ্যে দুই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। হঠাৎ ফুসকুড়ি থেকে শুরু হয়ে ঘা এবং পরে গভীর ক্ষতে রূপ নিচ্ছে রোগটি। এতে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ইউএনবি সুত্রে এমনটি জানা গেছে ।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ দপ্তর এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দুশ্চিন্তায় রয়েছেন হাজারো মানুষ।
স্বাস্থ্য বিভাগের অজানা, প্রাণিসম্পদ দপ্তরের দায় এড়ানো
সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তার দাবি, যদি এ ধরনের রোগ হয়ে থাকে তবে প্রাণিসম্পদ বিভাগ ব্যবস্থা নেবে। মাঠ পর্যায়ের কর্মীরা রিপোর্ট দিলে মেডিকেল টিম গঠন করা হতে পারে।
অন্যদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ বলেন, “এটা সম্ভবত জেনেটিক ডিজিজ। স্বাস্থ্য বিভাগ শুরুতেই ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। এখন সবচেয়ে জরুরি হলো রোগটি সঠিকভাবে শনাক্ত করা।”
সরেজমিনে ভয়াবহ চিত্র
সদর, ছাওলা, তাম্বুলপুর, ইটাকুমারীসহ প্রায় পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে এই রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত সদর, তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের মানুষ।
স্থানীয় গৃহিণী সাবিনা আক্তার জানান, তার তিনটি গরু ও চারটি ছাগল অল্প সময়ে মারা যায়। অসুস্থ পশুর পরিচর্যা করতে গিয়ে তিনি নিজেও আক্রান্ত হন। হাতে ফুসকুড়ি উঠার পর তা ঘায়ে রূপ নিয়েছে এবং এখন প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন।
অন্যদিকে ছাওলা ইউনিয়নের কৃষক আজিজুল হক বলেন, “অনেকেই অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রি করছেন। সেই মাংস খাওয়ার কয়েক দিনের মধ্যে অনেকের শরীরে বড় বড় ঘা দেখা দিচ্ছে।”
চিকিৎসকদের শঙ্কা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আঁখি সরকার বলেন, প্রতিদিন অন্তত ৫–৭ জন রোগী একই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। তার মতে, উপসর্গগুলো অ্যানথ্রাক্স রোগের সঙ্গে মিলে যাচ্ছে।
প্রশাসনের তৎপরতা
জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানিয়েছেন, বিষয়টি ফোনে জানার পর তিনি স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছেন। আপাতত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা
জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি বেলাল হোসেন বলেন, “এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা মহামারিতে রূপ নিতে পারে। দ্রুত শনাক্ত করে পদক্ষেপ না নিলে সমস্যা আরও ভয়াবহ হয়ে উঠবে।”
🔴 বিশেষজ্ঞদের মতে, রোগটি যদি সত্যিই অ্যানথ্রাক্স হয় তবে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগকে একসঙ্গে কাজ করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নইলে তা শুধু পীরগাছায় সীমাবদ্ধ না থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।