বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে সাপটিকেই সঙ্গে নিয়ে হাসপাতালে এলেন সুমিত্রা রানী (৬০) নামে এক বৃদ্ধা। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম দিয়ে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে। এদিন বিকেল সাড়ে চারটার দিকে কামড়ানো সাপ নিয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সুমিত্রা রানী ও তাঁর ছেলে।
সুমিত্রা রানী ওই এলাকার উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
ভুক্তভোগীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন,
“দুপুরে মা ঘরের কাজ করছিলেন। একটি বোয়াম পরিষ্কার করার সময় সাপ কামড়ে দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে যাই এবং সাপটি দেখতে পাই। কী সাপ বুঝতে না পেরে বোয়ামে ভরে মাকে নিয়ে দ্রুত হাসপাতালে আসি। ডাক্তার এখন মায়ের চিকিৎসা করছেন।”
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন,
“বিকাল সাড়ে চারটার দিকে একজন সাপে কামড়ানো রোগী সাপসহ হাসপাতালে আসেন। পরীক্ষা করে নিশ্চিত হই, তাঁকে বিষধর কোবরা সাপে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গেই এন্টিভেনম প্রয়োগ করে চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের হাসপাতালে সবসময় এন্টিভেনম মজুত থাকে, যাতে কোনো রোগী এলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।