স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ দলটির পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশের মাটিতে আর আওয়ামী স্টাইলের নির্বাচন জনগণ মেনে নেবে না। জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার শেষে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করে জাতীয় নির্বাচন দিতে হবে।”
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার।
৫. স্বৈরাচার ও তাদের সহযোগী রাজনৈতিক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
প্রধান অতিথি বলেন, এসব দাবি সরকার মেনে নিলে আগামীকালই নির্বাচনে অংশ নিতে জামায়াত প্রস্তুত। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দলীয় নয়, তবুও ড. ইউনূসের চারপাশে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “জাতি নির্বাচনের জন্য মুখিয়ে আছে। কিন্তু কিছু মহল পিআর পদ্ধতির বিরোধিতা করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে।”
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লব ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। পুনরায় ফ্যাসিবাদ ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টা রুখে দিতে হবে।” তিনি প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি ও গেজেট প্রকাশের দাবি জানান।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি না হলে কোনো সংস্কার টেকসই হবে না। জনগণ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।”
সমাবেশ শেষে আন্দরকিল্লা থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম, ডা. মুহাম্মদ আবু নাছের, মুহাম্মদ শফিউল আলম প্রমুখ।