স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানের বিরুদ্ধে সাংবাদিকদের প্রকাশ্যে ‘সন্ত্রাসী’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার পর জেলা প্রশাসন তাকে করতোয়া নদীর ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে।
সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বরে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে মহালয়া উপলক্ষে নৌকাডুবির ঘটনায় ৭১ জনের প্রাণহানি ঘটে। ভয়াবহ সেই দুর্ঘটনার তিন বছর পূর্ণ হয় গত রবিবার (২১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান।
এ সময় ঘাটে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের নদী পারাপারে বাধা দেন। যদিও সেই সময় একাধিক নৌকা চলাচল করছিল এবং যাত্রীদের পাশাপাশি মোটরসাইকেলও পার হচ্ছিল। সাংবাদিকরা প্রশ্ন তোলেন, যখন অন্যরা মোটরসাইকেলসহ পারাপার হচ্ছেন, তখন সংবাদকর্মীদের কেন বাঁধা দেওয়া হচ্ছে? এতে ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনি আল জাজিরার সাংবাদিক হন আর যেখানকারই সাংবাদিক হন, আমার কিছু যায় আসে না। যেতে পারবেন না।”
ঘটনার ভিডিও ধারণ করলে তিনি আরও উত্তেজিত হয়ে প্রকাশ্যে সাংবাদিকদের “সন্ত্রাসী” বলে অপমান করেন। শতাধিক মানুষের সামনে এমন আচরণে স্থানীয় সংবাদকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।
ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান বলেন, “আমরা মহালয়ার সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। ঘাট ফাঁকা থাকা সত্ত্বেও আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে বাঁধা দেওয়া হয়। অথচ ইউএনও নিজেও মোটরসাইকেল নিয়ে নৌকায় পারাপার হয়েছেন। তাহলে শুধু সাংবাদিকদেরই কেন বাধা?”
বাংলাভিশনের সাংবাদিক মোশারফ হোসেন জানান, “ম্যাজিস্ট্রেট আমাদের পরিচয় শোনার পর ক্ষুব্ধ হয়ে বলেন, ‘যেই সাংবাদিকই হন, যেতে পারবেন না।’ এরপর তিনি আমাদের সন্ত্রাসী আখ্যা দেন। এটি সাংবাদিক সমাজের জন্য অপমানজনক।”
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হলেও সাংবাদিকদের অভিযোগ আমলে নেননি। বরং তিনি বলেন, “কি পারেন করেন।”
পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে, জেলা প্রশাসক সাবেত আলী নিশ্চিত করেন যে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে করতোয়া নদীর ওই ঘাটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।