পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ১৭ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় নিজের বাড়ির সামনেই ধর্ষণের শিকার হয় শিশুটি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গত ২০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয়রা মানববন্ধন করে। এ সময় পুলিশ জানিয়েছিল, আসামিকে গ্রেপ্তারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
আদালতের কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার জানান, আদালতের নির্দেশে অভিযুক্তকে কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছে। বর্তমানে শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছে।