মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ধুলঝাড়ী নূরানী হাফিজিয়া তা‘লীমুল কোরআন এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসা থেকে মাসুদ রানা (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছিলেন। গত শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজ কিশোর মাসুদ রানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খেরবাড়ি গ্রামের মো. আফাজ উদ্দিন ও মাসুদা আক্তারের ছেলে। ছেলেটিকে না পেয়ে পরিবার সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। এ সময় সংবাদ মাধ্যমে তার ছবি ও খোঁজ চেয়ে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের নম্বরও প্রচার করা হয়।
পরিবারের আহ্বান জানিয়ে “রানীশংকৈলে মাদ্রাসা থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ” শিরোনামে সংবাদটি দৈনিক সীমান্তের আলোয় প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই মাসুদ রানাকে ঠাকুরগাঁও থেকে উদ্ধার করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—খবরটি দ্রুত প্রচার ও মানুষের সহযোগিতার কারণেই ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সংবাদ মাধ্যম ও সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।