মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার
অনলাইন ডেস্ক:
জাতীয় ঐকমত্যের প্রতীক হয়ে ওঠা “জুলাই জাতীয় সনদ ২০২৫” স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাসস সুত্রে এমনটি জানা গেছে।
১৭ অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আজ আমাদের নতুন জন্মের দিন। এই সনদই প্রতিষ্ঠা করবে আইনের শাসন, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে অগ্রসর একটি নতুন বাংলাদেশ। গত ১৬ বছরের নৃশংসতার অবসান ঘটিয়ে আমরা আজ নতুন সূচনা করছি।”
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, “ছাত্রজনতার নেতৃত্বে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের ফলেই এই রূপান্তর সম্ভব হয়েছে। তরুণরাই আমাদের পথ দেখাবে, তারাই নতুন বাংলাদেশ গড়ে তুলবে।”
তিনি উল্লেখ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী ২৭ বছরের নিচে—এই তরুণ প্রজন্মই ভবিষ্যতের স্থপতি। “এই দেশ তরুণদের,” বলেন তিনি, “আমাদের সংবিধান, রাষ্ট্রচিন্তা ও শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে।”
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও এক অনন্য উদাহরণ হয়ে উঠবে। “অনেক দেশ জানতে চাইবে, কীভাবে আমরা সমগ্র জাতিকে সম্পৃক্ত করে এই সনদ স্বাক্ষর করতে পেরেছি,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একযোগে সনদে স্বাক্ষর করেন। বিকেল ৪টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই আয়োজন।
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. ইউনূস বলেন, “তাঁদের ত্যাগের কারণেই আজ আমরা এই সুযোগ পেয়েছি। জাতি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।” তিনি আরও বলেন, “এই সনদের মধ্য দিয়ে আমরা নৃশংসতা থেকে সভ্যতার পথে পা বাড়িয়েছি। এবার সময় এসেছে এমন এক সভ্যতা গড়ে তোলার, যা দেখে বিশ্ববাসী ঈর্ষান্বিত হবে।”
দেশের সম্পদ ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, “বঙ্গোপসাগর আমাদের অমূল্য সম্পদভাণ্ডার। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে এর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, “যদি বাংলাদেশ গভীর সমুদ্রবন্দর গড়ে তোলে, তাহলে বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠবে আমাদের দেশ।”
অঞ্চলভিত্তিক অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সমুদ্রপথে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারলে সবাই সমৃদ্ধ হবে।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।
“আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই যা হবে জাতি ও বিশ্বের কাছে উদাহরণ। ঐক্যের সুরে এগিয়ে যেতে চাই আমরা,” বলেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় ‘দ্য রোডম্যাপ অব ফিউচার’ শিরোনামের সাত মিনিটের প্রামাণ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় শাপলা চত্বর হত্যাযজ্ঞ, পিলখানা ট্র্যাজেডি, অতীতের দুঃশাসন এবং জুলাই অভ্যুত্থানের পটভূমি।
শেষে প্রধান উপদেষ্টা সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক নেতা ও কমিশন সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একসঙ্গে ফটোসেশনে অংশ নেন।