অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য আনতে গিয়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারিরা। এ সময় ফেলে যাওয়া বস্তা থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে দানাজপুর বিজিবি ক্যাম্পের টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর রাতে পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তের ৩৩৯/৩-এস নম্বর পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশ সীমান্তের ভেতরে কিছু লোককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে বিজিবির টহল দল। টহল দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকভর্তি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে টহল দল সীমান্তের ধানক্ষেত থেকে উদ্ধার করে ওই বস্তা। বস্তাটি খুলে দেখা যায়, তাতে ১৩ বোতল বিদেশি মদ রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজিবির দানাজপুর ক্যাম্পে রাখা হয়েছে, যা পরবর্তীতে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মাদকদ্রব্য আনতে চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।