অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং আল্লাহর মেহেরবানীতে তিনি এখনো চিকিৎসা সাড়া দিচ্ছেন বলেও জানান তিনি।
ডা. জাহিদ বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন। আমরা দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য আন্তরিক দোয়া চাইছি। দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও প্রার্থনাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি গুজব-সংক্রান্ত বিষয়ে কঠোর সতর্কতা দিয়ে বলেন, “এই সংকটময় সময়ে গুজব ছড়ানো বা গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন। দলের নির্ধারিত ব্যক্তির ব্রিফিং ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস করবেন না।”
তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন। একইসঙ্গে রোগীর অবস্থা বিবেচনায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও ঢাকায় আসছেন এবং প্রয়োজন মনে করলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডই নেবে।
বেগম জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত বিশেষ মেডিকেল টিম কাজ করছে—যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ চিকিৎসকরাও এই টিমে যুক্ত আছেন।
ডা. জাহিদ বলেন, “সরকার, হাসপাতাল কর্তৃপক্ষসহ বন্ধুপ্রতীম দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সবার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
২৩ নভেম্বর থেকে হাসপাতালে থাকা বেগম খালেদা জিয়া ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।