নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. লুৎফর রহমান, উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান, দেবীগঞ্জ পৌর জামায়াতের সহকারী পরিচালক মো. আমির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মহান বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিজয় চত্বর থেকে কর্মসূচির সূচনা হয়। পরে পর্যায়ক্রমে দেবীগঞ্জ চৌরাস্তা, বন্ধন মোড় এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন বলেন, আগামীকাল মহান বিজয় দিবস। আমরা চাই পরিস্কার পরিচ্ছন্ন দেবীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করতে। এ লক্ষ্যে দেবীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।