• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে কৃষকের যমজ কন্যার একসঙ্গে মেডিক্যালে সাফল্য, এলাকায় প্রশংসার জোয়ার

বিমল কুমার রায় / ২৪৮ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিনয়পুর গ্রামের কৃষক ভুপেন্দ্রনাথ রায় ও বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শান্তনা রানী মহন্তর যমজ দুই কন্যা পুজা রানী রায় ও পলি রানী রায় একসঙ্গে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় পুজা রানী রায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজে এবং পলি রানী রায় নীলফামারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। তাদের এই কৃতিত্বে পরিবারসহ পুরো এলাকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলের এক মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে এসে একসঙ্গে দুই মেয়ের মেডিক্যালে চান্স পাওয়াকে এলাকাবাসী অনুপ্রেরণামূলক সাফল্য হিসেবে দেখছেন। শিক্ষাজীবনের শুরু থেকেই পুজা ও পলি নিয়মিত অধ্যয়নশীল ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উভয়েই বৃত্তি অর্জন করেন। এরপর ২০২৩ সালে বিনয়পুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় দুজনই গোল্ডেন জিপিএ লাভ করেন এবং বৃত্তিপ্রাপ্ত হন। সে বছর পলি রানী রায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা অর্জন করেন।

পরবর্তীতে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উভয়েই গোল্ডেন জিপিএ অর্জন করেন এবং দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। রংপুরের রেটিনা কোচিং সেন্টারে ভর্তি কোচিং সম্পন্ন করে কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে তারা মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

চিকিৎসক হওয়ার স্বপ্ন সম্পর্কে পলি রানী রায় বলেন, গ্রামের অসহায় ও অবহেলিত রোগীদের চিকিৎসা সংকট কাছ থেকে দেখেই তার চিকিৎসক হওয়ার স্বপ্ন গড়ে ওঠে। ভবিষ্যতে তিনি একজন গাইনোকলজিস্ট হয়ে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও মাতৃমৃত্যু কমাতে কাজ করতে চান। অন্যদিকে পুজা রানী রায় জানান, কোচিং চলাকালে তারা প্রতিদিন গড়ে ১৪-১৫ ঘণ্টা পড়াশোনা করেছেন এবং একে অপরকে সহযোগিতা করে প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, গ্রামে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসকের অভাবে মৃত্যুর ঘটনা তাকে নাড়া দেয়। তাই তিনি কার্ডিওলজিস্ট হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চান।

দুই বোন জানান, তাদের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের নিরলস ত্যাগ ও অনুপ্রেরণা ছিল সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি বড় বোন যুক্তি রানী রায়ের দিকনির্দেশনা ও সাহসিকতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, যুক্তি রানী রায় বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

পুজা ও পলি রানীর মা শান্তনা রানী মহন্ত বলেন, “২০০৬ সালের ১৫ জুলাই আমার যমজ দুই মেয়ের জন্ম। তারা অনেক কষ্ট ও পরিশ্রম করে পড়াশোনা করেছে। সৃষ্টিকর্তা তাদের পরিশ্রমের ফল দিয়েছেন। একজন মা হিসেবে এর চেয়ে বড় গর্ব আর কিছু হতে পারে না। তবে আমার মেয়েরা যখন বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াবে, তখনই আমার এই আনন্দ পূর্ণতা পাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd