মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করেছে। এর ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে ২টি পিস্তল,৪টি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে এই তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন। তিনি জানান, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম বালিয়াডাঙ্গী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং তা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হেফাজতে রাখা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, “নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি। নির্বাচনের আগে এমন অভিযান আমাদের এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পুলিশ আরও জানায়, এই ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস ও অস্ত্র-গোলাবারু দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে যাতে নির্বাচনের সময় জেলার সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আশা করা হচ্ছে, এই ধরনের অভিযান জেলা জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া এলাকার একটি বাঁশ ঝাড় থেকে এই অস্ত্র গুলো উদ্ধার করা হয়েছে।