নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং দেশ ও জাতির জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান তারা।
দোয়া ও মিলাদ মাহফিলে দেবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার দশ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, সদস্য সচিব তুহিন বসুনিয়া, যুগ্ম-আহ্বায়ক মোস্তাকুর রহমান আকাশ ও আসাদুজ্জামান মুন্না। আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন পাটোয়ারী, পৌর ছাত্রদলের নেতা হাজিরুল ইসলাম, দেবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য সচিব শাহাদাত হোসেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, তারেক রহমানের সুস্থতা, দেশ ও জাতির শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।