বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের চুক্তিভিত্তিক নৈশ প্রহরী রাকিব ইসলাম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ মার্চ) ভুক্তভোগী শিশুর মা দেবীগঞ্জ থানায় রাকিব ইসলামকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একই দিন দুপুরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার বাসিন্দা এবং সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে অফিস বন্ধ থাকার সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে অফিসে নিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।