মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে করে রোববার দিনগত রাত ১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজ থেকে নামার সময় আবদুল হামিদকে হুইলচেয়ারে করে নামানো হয়। রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং আনুমানিক ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে, চিকিৎসার উদ্দেশ্যে গত ৮ মে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। তবে তার এই সফর নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়, বিশেষ করে তার বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলমান থাকা অবস্থায় দেশত্যাগ করায়।
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার এবং আরও দুজনকে বরখাস্ত করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার হাসান চৌধুরী ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফ। বরখাস্ত হন কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম—যিনি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন—এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ট্রেইনি উপ-পরিদর্শক মো. সোলেমান।
ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর বার্তা দিয়ে বলেন, “আবদুল হামিদকে দেশত্যাগে যারা সহায়তা করেছেন, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না।”
সেসময় আবদুল হামিদের পরিবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছিল, ব্যাংকক সফরে তার সঙ্গে ছিলেন শ্যালক ডা. নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে আয়োজিত একটি মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিযুক্ত করা হয়। আবদুল হামিদের দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।