মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুলসংলগ্ন ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7 BGI) মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের ছয় মিনিটের মাথায় উত্তরার আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাইলস্টোন স্কুল ক্যাম্পাসসংলগ্ন একটি ভবনের ওপর আছড়ে পড়ে। বিধ্বস্ত ভবনের পাশে মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই দৃশ্য দেখে শিক্ষার্থীসহ আশপাশের মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। একাধিক ভিডিওতে দেখা যায়, আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে। সেনাবাহিনী সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও সেসময় তৎপর হয়ে পড়ে উদ্ধার কাজে।
তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা ও বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।