অনলাইন ডেস্ক
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে এমন বর্বরোচিত হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
আহত ওসমান হাদির চিকিৎসা নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট চিকিৎসক দলকে সব প্রয়োজনীয় চিকিৎসাসহ উন্নত সেবার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন তিনি।
ঘটনার তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঘটনার আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য গ্রহণ, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখতে বলেছেন।
তিনি আরও নির্দেশ দেন, হামলার পেছনে কোনো সংগঠিত চক্রান্ত বা পরিকল্পনা থাকলে তা দ্রুত উন্মোচন করতে হবে।
প্রফেসর ইউনূস বলেন, “নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যারা এ হামলার সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, আইনের আওতায় আসবে।”
তিনি রাজনৈতিক দল, প্রার্থী, কর্মী-সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি ধৈর্য, শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।