বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত বোদেশ্বরী শক্তিপীঠে শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন মহালয়ার পুণ্য তিথিতে লাখো ভক্ত-পূর্ন্যার্থীর সমাগম ঘটে।
রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরবেলা থেকেই মন্দিরের অদূরে করতোয়া নদীর তীরে জমায়েত হন পূণ্যার্থীরা। তারা পূর্ব পুরুষদের আত্মার শান্তি প্রার্থনায় করতোয়ার জলে অর্ঘ্য নিবেদন ও তর্পণ করে শ্রদ্ধা জানান। পরে মন্দিরে এসে প্রার্থনা ও পূজার্চনা করেন। এ সময় মন্দির প্রাঙ্গণ ভক্তদের মঙ্গলধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। পরে উত্তরাঞ্চলের স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে পাশ্ববর্তী জেলা-উপজেলা থেকে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও মহালয়া উপলক্ষে আয়োজিত সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী মুকুল। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন কুমার দাস, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ ।
সম্প্রতি সভায় বক্তারা বলেন, মহালয়া শুধু পূজা-পার্বণের সূচনা নয়; এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির প্রতীক। সকল ধর্ম-বর্ণের মানুষের পারস্পরিক সহাবস্থান ও ঐক্যের বন্ধন দৃঢ় রেখে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।