অনলাইন ডেস্ক
আগামী জাতীয় নির্বাচনকে দেশের জন্য এক “নির্ণায়ক মুহূর্ত” হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন কোনো প্রচলিত নির্বাচন নয়; এটি মূলত দেশ রক্ষার নির্বাচন।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৫০ জেলা প্রশাসকসহ দেশের ৬৪ জেলার ডিসিদের উদ্দেশে নির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন কেবল পাঁচ বছরের সরকার গঠনের ভোট নয়—বরং এর মাধ্যমে জাতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হবে। তিনি বলেন, “এ নির্বাচন সম্পূর্ণ অন্য রকম। বহু বছরের ভণ্ডামিমিশ্রিত নির্বাচন প্রহসনের ইতিহাস পেছনে ফেলে নতুন মানদণ্ড স্থাপনের সুযোগ এখন আমাদের সামনে।”
গণ-অভ্যুত্থান-পরবর্তী এ নির্বাচনকে তিনি অভিহিত করেন জাতির পুনর্জন্মের নির্বাচন হিসেবে। তাঁর ভাষায়, “এই ভোটের সাফল্য গণ-অভ্যুত্থানের পূর্ণতা দেবে। শতাব্দীর গতিপথ ঠিক করে দেবে এই নির্বাচন।”
ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এখন ব্যর্থতার কোনো সুযোগ নেই। আপনারাই এই নবযাত্রার ধাত্রী। নির্বাচনকে একইসঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে। যা জানা দরকার, সব জেনে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার গত দেড় দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাদের ভোটাধিকার নিশ্চিত করাটা প্রশাসনের একটি বড় দায়িত্ব।
প্রধান উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের নির্বাচনের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয়েছে। “বিশ্ব দেখতে চায় আমরা কেমন নির্বাচন আয়োজন করি।”
তিনি বলেন, “এই নির্বাচন সার্থক করতে পারাই হবে গণ-অভ্যুত্থানের প্রতি আমাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই অভিযানে অবশ্যই জয়ী হতে হবে।”
বৈঠকটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। এছাড়া পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
মাঠ প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।