অনলাইন ডেস্ক
গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে মৃত্যুদণ্ডের বিধানযুক্ত ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ–২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, দীর্ঘ দিন আলোচনা–সমালোচনার পর গুম প্রতিরোধে একটি কার্যকর আইন প্রণয়নের প্রক্রিয়া চূড়ান্ত রূপ পেয়েছে। নতুন অধ্যাদেশে গুমকে ‘চলমান অপরাধ’ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি গোপন আটককেন্দ্র বা কথিত ‘আয়নাঘর’ স্থাপন ও ব্যবহারকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রেস সচিব জানান, গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং একটি পৃথক তদন্ত কমিশনকে। ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর ১২০ দিনের মধ্যে বিচার শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা, ক্ষতিপূরণ, আইনগত সহায়তা এবং গুম-সংক্রান্ত তথ্যভাণ্ডার ও তহবিল গঠনের বিধান যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় লজিস্টিক নীতির খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রণয়ন। জাতীয় নগরনীতি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শফিকুল আলম আরও উল্লেখ করেন, অতীতে গুমের ঘটনাগুলো দেশের জন্য এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল। আগের সরকারের আমলে হাজারো মানুষ নিখোঁজ হয়; অনেকেই ফিরে এলেও অনেকের হদিস মেলেনি। বিএনপির বহু কর্মী এখনো ফেরেননি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ গত বছর ২৯ আগস্ট ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে অংশীদার হয়। আন্তর্জাতিক এই সনদের নীতিমালার আলোকে নতুন অধ্যাদেশটি তৈরি করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে কোনো সরকার আর গুমের রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবে না এবং দেশে আয়নাঘর সংস্কৃতির পুনরাবৃত্তির সুযোগ থাকবে না।